
জহুরুল ইসলাম জপি-শেরপুর :
শেরপুর-১ (সদর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ নভেম্বর) বিকেলে শহরের রঘুনাথবাজারস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়।
মনোনয়নবঞ্চিত নেতা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম মাসুদের সমর্থকরা এ কর্মসূচি আয়োজন করেন। তারা জেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণ থেকে মিছিল শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। পরে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন।
সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য হাসানুর রেজা জিয়া, আমিনুল ইসলাম শিপন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ক্রিসেন্ট, সাবেক সিনিয়র সহসভাপতি দিদারুজ্জামান সিদ্দিকী দিদার, জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সুমাইয়া আলম,সহ বিএনপি ও সহযোগী সংগঠনের অগণিত নেতাকর্মী।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, শেরপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রক্রিয়ায় তৃণমূলের মতামত উপেক্ষা করা হয়েছে।
তারা বলেন, জনগণের প্রত্যাশা ও স্থানীয় কর্মীদের রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় নেতৃত্বকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে। না হলে শেরপুরে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
বক্তারা আরও দাবি করেন, শফিকুল ইসলাম মাসুদ দীর্ঘদিন ধরে দলের আন্দোলন-সংগ্রামে মাঠে থেকে নেতৃত্ব দিয়ে আসছেন। তাকে উপেক্ষা করে অন্য কাউকে প্রার্থী করা হলে তৃণমূলের মন ভাঙবে।
বিক্ষোভ শেষে নেতাকর্মীরা স্লোগান দিতে দিতে কার্যালয় প্রাঙ্গণে ফেরেন। শহরের রাজনৈতিক অঙ্গনে এ ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। তৃণমূল নেতাকর্মীদের দাবি, দলকে বাঁচাতে সঠিক সিদ্ধান্ত নিতে হবে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page