
মোহাম্মদ ওয়াহেদ আলী :
লালমনিরহাটের পাটগ্রামে তিনটি সাউন্ড গ্রেনেড ছুড়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বুধবার (৫ নভেম্বর) ভোরে উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন এলাকায় সীমান্তে এ ঘটনা ঘটে। এতে ওই এলাকায় আতঙ্ক দেখা দেয়। এ ঘটনার প্রতিবাদ জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
স্থানীয় সীমান্ত সূত্র ও বিজিবি জানায়, ওই ইউনিয়নের বিপরীতে ভারতের কোচবিহার রাজ্যের মেখলিগঞ্জ থানার সীমান্তসংলগ্ন গ্রাম ভেল্কু লতামারী। বাংলাদেশ-ভারত সীমান্তের প্রধান পিলার ৮৫৪ নম্বরের উপপিলার ৩-এর সীমান্ত এলাকার শূন্যরেখায় ভারতের ১৫৬ বিএসএফ ব্যাটালিয়নের রতনপুর ক্যাম্পের টহল দলের সদস্যরা আজ ভোর ৫টা ২০ মিনিটে তিনটি সাউন্ড গ্রেনেড ছোড়ে। পরপর কয়েকবার বিকট শব্দ হওয়ায় সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। তবে এতে হতাহতের কোনো ঘটনার তথ্য পাওয়া যায়নি।
পরে রাতেই ঘটনাস্থলে পৌঁছে বুড়িমারী বিজিবি কোম্পানি ও শ্রীরামপুর বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা বিএসএফকে বিষয়টি জানাতে যোগাযোগ করেন। পরে বিজিবি ও বিএসএফ মধ্যে পতাকা বৈঠক ডাকা হলে বুধবার বিকেলে ওই পতাকা বৈঠকে প্রতিবাদ জানায় বিজিবি।
বৈঠকে বিএসএফের পক্ষ থেকে জানায়, ঘটনাস্থলের কাছাকাছি ভারতের অভ্যন্তরে গরু চোরাচালানকারী ৭ থেকে ৮ জনের একটি দল প্রবেশ করেছে, এমন খবরে তাদের ধাওয়া দেওয়ার প্রক্রিয়ায় সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে। বৈঠকে উভয় বাহিনী সীমান্তে টহল আরও জোরদার করার বিষয়ে একমত পোষণ করেন। বৈঠকে ভারতের পক্ষে নেতৃত্ব দেন রতনপুর ক্যাম্পের ইন্সপেক্টর রনজিত মালি এবং বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন শ্রীরামপুর ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার মোক্তার হোসেন।
বিজিবি ৬১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম বলেন, এ ঘটনায় ইতোমধ্যে উভয় দেশের কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত পতাকা বৈঠকে প্রতিবাদ জানানো হয়েছে। বর্তমানে সীমান্ত এলাকায় পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page