
মোঃ গোলাম রাব্বানী-স্টাফ রিপোর্টার :
খুলনার আড়ংঘাটা থানাধীন বিএনপির স্থানীয় কার্যালয়ে দুর্বৃত্তরা গুলি ও বোমা হামলা চালিয়েছে। এ ঘটনায় গুলি লেগে এমদাদুল হক (৫৫) নামের এক শিক্ষক নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন শেখসহ আরও দুজন।
রোববার (২ নভেম্বর) রাত ৯টার দিকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট, গেট সংলগ্ন বিএনপি কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে বিএনপি নেতা মামুন শেখ স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে অফিসে বসে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা হঠাৎ অফিসে থাকা মামুন শেখকে লক্ষ্য করে পরপর দুটি বোমা ও চার রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়।
এ সময় গুলি লেগে গুরুতর আহত হন শিক্ষক এমদাদুল হক ও মামুন শেখ। পরে দলীয় নেতাকর্মীরা তাদের দ্রুত খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যান। নেওয়ার পথে এমদাদুলের মৃত্যু হয়। তিনি ওই বিএনপি অফিসে ওয়াজ মাহফিলের টাকা কালেকশন করার জন্য গিয়েছিলেন বলে জানা যায়। মামুন শেখের অবস্থা আশঙ্কাজনক।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) পক্ষ থেকে জানানো হয়, দুর্বৃত্তদের গুলি ও বোমা হামলায় তিনজন আহত হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে এবং হামলাকারীদের শনাক্ত এবং গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page