
জুলফিকার আলী জুয়েল :
জামালপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি-১) পৃথক দুটি মামলায় গুরুত্বপূর্ণ দুই আসামিকে গাজীপুর জেলার ভিন্ন ভিন্ন এলাকা থেকে গ্রেফতার করেছে। একটিতে নাবালিকা ধর্ষণ মামলার প্রধান আসামি এবং অন্যটিতে একটি নৃশংস হত্যা মামলার আসামি ধরা পড়েছে পুলিশের হাতে।
নাবালিকা ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার জামালপুর সদর থানাধীন দড়িপাড়া বাইপাস মন্ডলবাড়ী এলাকায় এক নাবালিকা ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি মোঃ সিদ্দিকুর রহমান সিদ্দিক (৫২) কে গত ৩১ অক্টোবর গাজীপুর মেট্রোপলিটনের টঙ্গী পূর্ব থানার বউবাজার রেললাইন সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
অভিযানে নেতৃত্ব দেন এসআই মোঃ আব্দুল্লাহ আল আজাদ ও এসআই মোঃ আতিকুর রহমান, ডিবি-১ জামালপুর। জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুস সাকিবের নির্দেশনায় অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, আসামি দীর্ঘদিন আত্মগোপনে ছিল। প্রযুক্তিগত সহায়তা ও মাঠ পর্যায়ের গোয়েন্দা তৎপরতার মাধ্যমে তাকে সনাক্ত করে গ্রেফতার করা সম্ভব হয়।
হত্যা মামলার আসামি গ্রেফতার একই দিনে, ডিবি-১ জামালপুরের একই টিম ইসলামপুর থানার একটি হত্যা মামলার ৪ নম্বর এজাহারভুক্ত আসামি মোঃ নুরুজ্জামাল (৩৮), পিতা মোঃ সাহেব আলী, সাং-সাজিমারা (গোয়ারপাড়া), থানা-বকশীগঞ্জ, জেলা-জামালপুরকে গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন মৌচাক এলাকার লগোচ কোম্পানির সামনে থেকে গ্রেফতার করে।
মামলা সূত্রে জানা যায়, ভিকটিম মোঃ মমিনুল ওরফে মনিরুল (স্বামী-মোছাঃ মনিরা, সাং-বোলাকীপাড়া, ইসলামপুর) কে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করে ব্রহ্মপুত্র নদে ফেলে দেওয়া হয়েছিল। পরে তার লাশ নদী থেকে উদ্ধার করা হয়।
জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম (পিপিএম-সেবা) বলেন, “জামালপুর জেলা পুলিশ নারী ও শিশু নির্যাতন, হত্যা, মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। পৃথক দুটি গুরুতর মামলায় আসামি গ্রেফতার প্রমাণ করে যে কোনো অপরাধীই আইনের বাইরে থাকতে পারবে না।”
তিনি আরও বলেন, “অফিসার ইনচার্জ মোঃ নাজমুস সাকিবের নেতৃত্বে ডিবি-১ টিমের দ্রুত ও সফল অভিযানে একদিনেই দুটি গুরুত্বপূর্ণ মামলার আসামি গ্রেফতার সম্ভব হয়েছে, যা জেলা পুলিশের দক্ষতা ও অঙ্গীকারের উজ্জ্বল দৃষ্টান্ত।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা সম্পাদকঃ ইঞ্জিঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page