
সৌভিক পোদ্দার-ঝিনাইদহ :
ঝিনাইদহ সদর উপজেলার রাঙ্গিয়ার পোতা গ্রামের মাঠ থেকে ইসাহাক আলী (৬৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই ব্যক্তির হাত-পা ও গলা বাধা ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে সদর উপজেলার বংকিরা-রাঙ্গিয়ারপোতা সড়কের বটদাড়ির মাঠ থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
ডাকবাংলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ইসাহাক আলী রাঙ্গিয়ার পোতা গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে।
স্থানীয়রা জানান, সকালে রাস্তার পাশে ধান ক্ষেতের আইলে ইসাহাক আলীর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় কৃষকরা। পরে তারা খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এরপর মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মৃতের স্বজনদের দাবি, ঘাতকরা হাত-পা বেঁধে ইসাহাক আলীকে হত্যা করেছে। এ ঘটনায় তারা মামলা করবে। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিও জানান নিহতের স্বজনরা।
ডাকবাংলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আনিছুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে, হাত-পা বেঁধে গলায় ফাঁস দিয়ে ইসাহাক আলীকে হত্যা করে ওই স্থানে ফেলে গেছে দুর্বৃত্তরা। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা দ্রুত শনাক্ত করে অপরাধীদের আইনের আওতায় আনার কাজ চলছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা সম্পাদকঃ ইঞ্জিঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page