ধামইরহাটে গরুবাহী ভুটভুটি ও মোটরসাইকেল খাদে পড়ে ২ জন নিহত, আহত ৪
ধামইরহাট নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট উপজেলায় গরুবাহী ভুটভুটি ও মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুইজন নিহত এবং চারজন আহত হয়েছেন। শনিবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার বিহারীনগর বাইপাস সড়কের তালঝাড়ী এলাকার ডাবল ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টার দিকে নজিপুর-জয়পুরহাট সড়কের বিহারীনগর -পিড়লডাঙ্গা বাইপাস সড়ক হয়ে কয়েকজন গরু ব্যবসায়ী জয়পুরহাট গরুর হাটে যাচ্ছিলেন। পথে একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে ভুটভুটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ধানক্ষেতে পড়ে যায়। এতে ভুটভুটি চালক মাসুদুর রহমান মওলা (৩৫), পিতা জয়দুল ইসলাম, এবং আরোহী মো. ভুট্টু (৪০), পিতা নজিম উদ্দিন—উভয়েই আড়ানগর গ্রামের বাসিন্দা—ঘটনাস্থলেই নিহত হন।খবর পেয়ে ধামইরহাট থানার ওসি মো. ইমাম জাফরের নেতৃত্বে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
আহতরা হলেন—জিহাদ (২৫), পিতা মুকুল হোসেন, আড়ানগর গ্রাম।জাইদুল (৫৫), পিতা মৃত কফিল উদ্দিন, ফতেপুর গ্রাম। নাজিম উদ্দিন (৭০), পিতা মৃত আছির উদ্দিন, লক্ষণপাড়া গ্রাম। সেলিম রেজা, পিতা জহুরুল ইসলাম, দিনাজপুর। এর মধ্যে আহত সেলিম রেজা ও নাজিম উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমাম জাফর বলেন, “নিজেদের গাড়ি নিয়ন্ত্রণ হারানোর কারণে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। আহতদের চিকিৎসার যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”
দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা সম্পাদকঃ ইঞ্জিঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page