ঝিনাইদহে ট্রাকের পিছনে বাসের ধাক্কায় প্রান গেল হেলপারের, আহত ৩
সৌভিক পোদ্দার, ঝিনাইদহ জেলা প্রতিনিধি
২১ অক্টোবর ২০২৫
ঝিনাইদহ সদর উপজেলার চারমাইল এলাকায় বিকল হয়ে সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায় আলিমুল ইসলাম (২৬) নামের ট্রাকের হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
মঙ্গলবার ভোরে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলিমুল ইসলাম নড়াইল সদর উপজেলার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের পাঁচমাইল এলাকায় একটি ধানবোঝাই ট্রাক বিকল হয়ে গেলে রাস্তায় রেখে মেরামত করছিল ট্রাকের হেলপার ও চালক। সে সময় ব্রাহ্মণবাড়িয়া থেকে যশোরের চৌগাছাগামী মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাস কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার আলিমুল মারা যান।
আহত হয় দুই গাড়ির চালক ও যাত্রীসহ তিনজন। ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার এসআই ইয়াছির আরাফাত বলেন, খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। কুয়াশা আর অতিরিক্ত গতির কারণে এ দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page