
আল হাফিজ-স্টাফ রিপোর্টার :
রাজনীতির ময়দানে তরুণ নেতৃত্বের উত্থান এখন সময়ের দাবি। সেই ধারাতেই বাগেরহাট-১ (সদর–চিতলমারী–মোল্লাহাট) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের প্রার্থী হিসেবে বেছে নিয়েছে এক তরুণ সংগঠককে—শেখ মনজুরুল হক রাহাদ।
দলীয় পার্লামেন্টারি বোর্ডের অনুমোদন এবং সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের স্বাক্ষরিত চিঠির মাধ্যমে রাহাদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। তিনি “দাঁড়িপাল্লা” প্রতীকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
দীর্ঘদিন ধরে জামায়াতে ইসলামীর বাগেরহাট জেলা কর্মপরিষদ সদস্য ও জেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন মনজুরুল হক রাহাদ। সংগঠন পরিচালনায় তাঁর দক্ষতা, তরুণদের সম্পৃক্ত করার ক্ষমতা এবং মাঠপর্যায়ের নেতৃত্ব তাঁকে আলাদা পরিচিতি এনে দিয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, তরুণ নেতৃত্বকে এগিয়ে দেওয়ার কৌশলের অংশ হিসেবেই রাহাদকে প্রার্থী করা হয়েছে। স্থানীয় নেতা-কর্মীদের মতে, তাঁর প্রার্থিতা এলাকায় নতুন উদ্যম সৃষ্টি করেছে এবং তরুণ ভোটারদের মধ্যেও আগ্রহের সঞ্চার করেছে।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে—“দাঁড়িপাল্লা” প্রতীকে জামায়াতে ইসলামী এবার জনগণের অধিকার, সামাজিক ন্যায় ও মূল্যবোধভিত্তিক সমাজ গঠনের প্রত্যয়ে নির্বাচনী ময়দানে নামছে। আর সেই লড়াইয়ে মনজুরুল হক রাহাদের মতো তরুণ প্রজন্মের নেতৃত্বই হতে পারে দলের নতুন সম্ভাবনার প্রতীক।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page