
সাইমন :
সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়নের সার্বিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এক উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় জনগণের অংশগ্রহণে অনুষ্ঠিত এ সভায় বিভিন্ন উন্নয়নমূলক দাবি ও সমস্যার কথা তুলে ধরা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের প্রশাসক ফাতেমা তুজ জান্নাত। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য শাহিনুর বেগম।
এসময় আরও উপস্থিত ছিলেন—
হাজী জামাল উদ্দিন সরকার, সাবেক সভাপতি সাভার থানা বিএনপি ও সাবেক চেয়ারম্যান তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ।
মোঃ ফারুক হোসেন, তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপি।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ আনোয়ার হোসেন, আবুল কাসেম, আব্দুল খালেকসহ আরও অনেকে।
সভায় সাধারণ মানুষ তাদের এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। বিশেষ করে ৬ নং ওয়ার্ডের রাস্তা ও ড্রেন সংস্কারের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনায় আসে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে রাস্তা ও ড্রেনের অবস্থা বেহাল হয়ে আছে। বর্ষাকালে পানি জমে যাওয়া ও চলাচলে ভোগান্তি প্রতিনিয়তই তাদের জীবনে দুর্ভোগ ডেকে আনছে।
এসময় প্রধান অতিথি ফাতেমা তুজ জান্নাত স্থানীয়দের আশ্বস্ত করে বলেন, “আমি এলাকার জনগণের সমস্যাগুলো গভীরভাবে লক্ষ্য করছি। বিশেষ করে রাস্তা ও ড্রেন সংস্কারের কাজ দ্রুতই হাতে নেওয়া হবে। আপনাদের সহযোগিতা পেলে আমি সঠিকভাবে কাজ সম্পন্ন করতে পারব।”
তিনি আরও বলেন, উন্নয়নমূলক কাজে শুধু ইউনিয়ন পরিষদ নয়, এলাকার মানুষকেও একসঙ্গে কাজ করতে হবে। সবাই আন্তরিকভাবে সহযোগিতা করলে তেঁতুলঝোড়া ইউনিয়নকে একটি আদর্শ ও উন্নত ইউনিয়ন হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।
সভায় বক্তারা আশা প্রকাশ করেন, এই উদ্যোগের মাধ্যমে জনগণের দীর্ঘদিনের ভোগান্তি নিরসন হবে এবং এলাকায় সার্বিক উন্নয়ন কার্যক্রম আরও গতি পাবে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page