
মোঃ গোলাম রাব্বানী-স্টাফ রিপোর্টার :
খুলনায় খানজাহান আলী (রূপসা) সেতুর ২ নম্বর পিলারের বেজমেন্ট থেকে সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলু ৪০এর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত বুলু খুলনা মহানগরীর শিববাড়ি এলাকার আকবর আলীর ছেলে। সাংবাদিকের মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রোববার সন্ধ্যায় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান লবণচরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রহিম। তিনি জানান, লাশটি নদীর ভেতরে ভাসমান অবস্থায় থাকায় নৌপুলিশকে খবর দেওয়া হয়। পরে রূপসা নৌপুলিশ ফাঁড়ির এসআই বেল্লাহ হোসেনের নেতৃত্বে পুলিশ সদস্যরা সন্ধ্যা ৭টার দিকে মরদেহ উদ্ধার করেন।
নিহতের পরনে ছিল নীল রঙের গ্যাবাডিন প্যান্ট ও আকাশি রঙের টি-শার্ট। তবে তার ডান হাত ও মুখমণ্ডল ক্ষতিগ্রস্ত অবস্থায় পাওয়া যায়, যা ঘটনাটিকে রহস্যজনক করে তুলেছে।
এদিকে পিবিআই ও সিআইডি ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে এবং মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। সংবাদ পেয়ে পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয়দের দাবি, নদীর বেজমেন্টে এভাবে সাংবাদিকের লাশ ভেসে ওঠা এলাকায় আতঙ্ক তৈরি করেছে। অনেকে এটিকে আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে বিভিন্ন ধারণা করছেন এলাকাবাসী ।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page