
গাইবান্ধার গোবিন্দগঞ্জে নাবিল বাস থেকে ২ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গোবিন্দগঞ্জে যাত্রীবাহী নাবিল ক্ল্যাসিক বাস থেকে ২ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ২টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার বুজরুক বোয়ালীয়া ঐক্যপাড়া দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় বগুড়া-রংপুর মহাসড়কে।
গ্রেফতারকৃত যুবক হলেন মোঃ মামুন রহমান (৩০), পিতা- মোঃ মাহাবুব আলম, মাতা- মোছাঃ আরজিনা খাতুন। তার বাড়ি দিনাজপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের নয়নপুর এলাকায়।
অভিযান পরিচালনাকারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাইবান্ধার পরিদর্শক তরুন কুমার রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে এএসআই আবুল কাশেম, এএসআই শাপলা রানী সিংহসহ ছয় সদস্যের একটি রেইডিং টিম বুজরুক বোয়ালীয়া এলাকায় অবস্থান নেয়। দুপুর ১টা ৪৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী নাবিল ক্ল্যাসিক বাস (ঢাকা মেট্রো-ব-১২-২৪২৬) থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে বাসের বাম পাশের F-1 সিটে বসা যাত্রী মামুন রহমানের হাতে থাকা জলপাই রঙের ট্রাভেল ব্যাগ থেকে একটি সাদা প্লাস্টিকের ভেতরে রাখা ২ কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয়। ডিজিটাল মেশিনে ওজন করার পর গাঁজার আনুমানিক বাজারমূল্য ধরা হয়েছে ৪০ হাজার টাকা।
এসময় বাসের সুপারভাইজার সাবেদুল ইসলাম, হেলপার সোহাগ হাওলাদার, যাত্রী ডাঃ পারভেজ এবং অভিযানে অংশ নেওয়া সিপাহি আকতারুজ্জামান উপস্থিত ছিলেন। ঘটনাস্থলেই জব্দতালিকা প্রস্তুত করা হয় এবং আসামিকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত গাঁজা থেকে ১০ গ্রাম নমুনা হিসেবে আলাদা করা হয়েছে এবং বাকিগুলো সিলগালা করে বিভাগীয় হেফাজতে নেওয়া হয়েছে।
পরিদর্শক তরুন কুমার রায় আরও জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাইবান্ধা কার্যালয়ের দায়িত্বে থাকবে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page