জুলফিকার আলী জুয়েল :
গাজীপুর, ১৭ জুলাই: গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে পুলিশের অভিযানে অস্ত্রসহ উদ্ধার হয়েছে একটি অটোরিকশা ও ডাকাতির মাধ্যমে লুট করা মোট ১১টি মোবাইল ফোন।
গোপন সংবাদের ভিত্তিতে কোনাবাড়ী থানার এসআই (নিঃ) মনির হোসেন এর নেতৃত্বে বাইমাইল, আমবাগ ও চায়না মার্কেট এলাকায় অভিযান চালানো হয়। বাইমাইল এলাকা থেকে প্রথমে দুইজনকে গ্রেপ্তারের পর তাদের স্বীকারোক্তিতে বাকিদের অবস্থান জানা যায় এবং পরবর্তীতে আরও তিনজনকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলো—
সুমন রানা (২৭), পিতা- নাসির উদ্দিন, বলিয়ারপুর, সাভার;
মুকুল মিয়া (২৬), পিতা- হায়দার আলী, গেন্ডা, সাভার;
সজিব (৩২), পিতা- সোহেল, মেহারবান, সাভার;
মোঃ রানা ওরফে বিকাশ রানা (৩০), পিতা- ইউনুস আলী, শান্তিনগর, কোনাবাড়ী;
এবং মোঃ রুহুল আমিন (২১), পিতা- আবুল কালাম, মেহারবান, সাভার।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ইতিপূর্বেও চুরি, ডাকাতি ও মাদক সংশ্লিষ্ট একাধিক মামলা রয়েছে।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে-৩টি সুইচ গিয়ার, ১টি চাপাতি, ১টি নীল রঙের অটোরিকশা (চাবিসহ), ৪টি স্মার্টফোন, ৭টি বাটন মোবাইল (সবগুলো সিমবিহীন)।
জব্দ মোবাইলফোনগুলো ডাকাতির মাধ্যমে বিভিন্ন সময় লুট করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কয়েকটি ফোন ডাকাতির পর নিজেদের হেফাজতে রেখে দেয়া হয়েছিল। উদ্ধারকৃত মোবাইলগুলো যাচাই-বাছাই ও উৎস শনাক্তের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
ঘটনার বিষয়ে কোনাবাড়ী থানার এসআই (নিঃ) অরুবা সুলতানা বাদী হয়ে বাংলাদেশ দণ্ডবিধির ৩৯৯/৪০০/৪০২/৪১২ ধারায় মামলা দায়ের করেন। ধৃতদের আদালতে পাঠানো হয়েছে এবং মামলার তদন্ত চলছে।
পুলিশ জানিয়েছে, গাজীপুর মহানগরে ডাকাত ও চোর চক্র নির্মূলে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এই চক্রের সঙ্গে সংশ্লিষ্ট অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page