নিজস্ব প্রতিবেদক :
অর্থ পাচারের অভিযোগে গুলশান থানার মামলায় বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান খায়রুল বাশারকে আদালতে আনার খবরে আদালত প্রাঙ্গণে মানববন্ধন করেন টাকা ফেরত না পাওয়া ভুক্তভোগীরা। মানববন্ধনের একপর্যায়ে বাশারকে আদালতে আনা হলে ভুক্তভোগীরা তাঁকে লক্ষ্য করে কিল, ঘুষি মারেন। এ সময় তাঁর ওপর ডিমও নিক্ষেপ করেন তাঁরা।
আজ মঙ্গলবার (১৫ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
দুপুরে বাশারকে আদালতে হাজির করা হয়। এ সময় তিনি হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরা ছিলেন। প্রথমে তাঁকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। এ সময় বাশারের কাছে প্রতারিত হওয়া শতাধিক শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা আদালতে হাজির হন। তাঁরা বাশারের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

প্রত্যক্ষদর্শী ঢাকার আইনজীবী দেলোয়ার হোসেন বলেন, কয়েকটা ডিম বাশারকে লক্ষ্য করে মারে ভুক্তভোগীরা। কয়েকজনে কিল, ঘুষি, লাথি মারে। এ সময় দায়িত্বরত পুলিশ তাদের প্রতিরোধ করতে সক্ষম হয়।
আদালতে হাজিরের পর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির এসআই খালিদ সাইফুল্লাহ বাশারকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। অন্যদিকে বাশারের পক্ষে আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত ১০ দিন রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গতকাল সোমবার সকালে বাশারকে আটক করে সিআইডি। পরে অর্থ পাচারের অভিযোগে গুলশান থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে পাঠানো হয়।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page