
ঢামেক প্রতিবেদক :
রাজধানীর যাত্রাবাড়ীতে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের তিন সদস্য দগ্ধ হয়েছে। দগ্ধরা হলেন, রিপন (৪০), তাঁর স্ত্রী ইতি (৩০) ও তাঁদের ৩ বছর বয়সী মেয়ে রাফিয়া। দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, রিপনের শরীরের ৭০ শতাংশ, ইতির ৪৫ আর শিশুটির ৯০ শতাংশ পুড়ে গেছে। তাদের সবার অবস্থায়ই আশঙ্কাজনক।
তাদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী তাসলিমা মনি জানান, রাত পৌনে ২টার দিকে বিকট একটি শব্দ পান তাঁরা। এরপর ওই বাড়ি থেকে চিৎকারের শব্দ শুনে ছুটে যান। গিয়ে দেখেন, তিনজনের শরীর পুড়ে গেছে। বাসার দরজা-জানালা ভেঙে গেছে। দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।
তিনি আরও জানান, তাদের ধারণা, লিকেজের কারণে বাসায় গ্যাস জমে ছিল। রাতে মশার কয়েল জ্বালানোর সময় বিস্ফোরণ ঘটেছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page