
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
গাইবান্ধা-২ সদর আসনের সাবেক সংসদ সদস্য ও হুইপ মাহাবুব আরা বেগম গিনি, একই আসনের সাবেক এমপি শাহ্ সারোয়ার কবির ও পৌর আওয়ামী লীগ সাবেক সাংগঠনিক সম্পাদক খান মো. সাঈদ হাসান জসিমের জামিন নামঞ্জুর করেছেন আদালত।
আজ বুধবার বিকালে উভয় পক্ষের বক্তব্য শুনে তাদের জামিন না মঞ্জুর করেন গাইবান্ধা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. জাহাঙ্গীর আলম।
এর আগে বিকাল ৩টার দিকে জেলা কারাগার থেকে তাদের আদালতে হাজির করা হয়। পরে আদালত আসামি পক্ষের জামিনের আবেদনের শুনানি গ্রহণ করেন।
এ সময় পুলিশ জামিনের বিরোধিতা করে। পরে উভয় পক্ষের বক্তব্য শুনে তাদের জামিন না মঞ্জুর করেন বিচারক।
আদালত সূত্র জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধা জেলা সদস্য সচিব বায়োজিদ বোস্তাবি জীমকে অপহরণ ও হত্যা চেষ্টার অভিযোগে ২০২৫ সালের ২২ মে গাইবান্ধা-২ সদর আসনের সাবেক সংসদ সদস্য ও হুইপ মাহাবুব আরা বেগম গিনি, একই আসনের সাবেক এমপি শাহ্ সারোয়ার কবিরসহ ৮৫ জনের নাম উল্লেখসহ এতে আরও ১০০ থেকে ১৫০ জন অজ্ঞাত আসামি করে জীম নিজেই বাদী হয়ে সদর থানায় এ মামলা করেন। ওই মামলায় জসিমকে সন্দেহ ভাজন হিসাবে গ্রেফতার করে পুলিশ।
আসামি পক্ষের আইনজীবী এ্যাড. পিষুজ কান্তি পাল বলেন, বৈষম্যবিরোধী ছাত্রদের দায়ের করা মামলায় শুনানির দিন ধার্য্য ছিল আজ। আমরা জামিনের আবেদন দিয়েছিলাম বিজ্ঞ আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছেন।
তিনি আরও বলেন, সাবেক এমপি শাহ সারোয়ার কবীর পূর্ব থেকেই ডিভিশনের আসামি ছিলেন। কিন্তু তাকে কারাগারে সেভাবে না রেখে একটি নির্জন সেলে বন্দি রাখা হয়েছিলো।
এ ব্যাপারে আদালতে আবেদন করা হলে কারা বিধি মোতাবেক প্রাপ্য সম্মান, সুযোগ-সুবিধা যাতে নিশ্চিত করা হয় কারা কতৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page