
শরিফুল ইসলাম-কালিহাতী, টাঙ্গাইল :
টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার শাহজাহান সিরাজ কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় নকল সরবরাহের অভিযোগে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. মৃদুল হাসান (২২) কে গ্রেফতার করা হয়েছে। তিনি কালিহাতী উপজেলার সাতুটিয়া গ্রামের মৃত আজহার আলীর ছেলে এবং ওই কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
মংগলবার (১ জুলাই) বেলা ১১টা ৫০ মিনিটে ইংরেজি প্রথম পত্র পরীক্ষাকালীন সময়ে নকল সরবরাহ করতে গিয়ে তাকে হাতেনাতে আটক করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালিহাতী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সিফাত বিন সাদেক। পরে আইনানুগ প্রক্রিয়ায় তাকে গ্রেফতার করে কালিহাতী থানায় হস্তান্তর করা হয়।
জানা যায়, মৃদুল হাসান দীর্ঘদিন ধরেই দলের পরিচয় ব্যবহার করে পরীক্ষার সময় পরীক্ষার্থীদের কাছে নকল সরবরাহ করে আসছিলেন। এবারের এইচএসসি পরীক্ষায়ও তার এমন কর্মকাণ্ড চলছিল। বিষয়টি নজরে আসলে মংগলবার অভিযান চালিয়ে তাকে নকলসহ আটক করা হয়।
এ বিষয়ে স্থানীয় নেতাকর্মীদের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) বেনজির আহমেদ টিটোর সঙ্গে মোঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,দলের কোনো পদ-পদবি ব্যবহার করে কেউ ব্যক্তিগতভাবে অপকর্মে জড়ালে তার দায়ভার দল বহন করবে না। যারা দোষী, তাদের শাস্তি পেতেই হবে।
পুলিশ সূত্রে জানা গেছে, বর্তমানে মৃদুল হাসান কালিহাতী থানায় পুলিশ হেফাজতে রয়েছেন এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
এই ঘটনায় পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়ভাবে শিক্ষা পরিবেশ রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থানের প্রশংসা করা হচ্ছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page