রফিকুজ্জামান সিজার-কুষ্টিয়া :
কুষ্টিয়ার সদর উপজেলার পাটিকাবাড়ি এলাকায় নিজ ঘর থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় মরদেহের পাশ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।
নিহত ওই যুবকের নাম আব্দুর রহমান উজ্জল (৩৩)। তিনি পাটিকাবাড়ী গ্রামের ওসমানের ছেলে। তিনি এলাকায় ক্ষুদ্র ঋণের একটি সমিতি পরিচালনার কাজ করতেন।
আজ রবিবার (০৮ জুন)সকালে তার নিজ বাড়ি থেকে উজ্জলের মরদেহ উদ্ধারের পর এটি হত্যা নাকি আত্মহত্যা এটি খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, ৫ জন মিলে এলাকায় একটি সমিতি খুলে টাকা তুলে ক্ষুদ্র ঋণ দেয়ার কর্ম করতেন উজ্জল। পারিবারিক বিরোধ ও স্ত্রীর সাথে বনিবনা না হওয়ায় দুই বছর ধরে উজ্জল বাড়িতে একা থাকতো। একসময় সন্ত্রাসীদের সাথে যোগাযোগ ছিল উজ্জলের। সকালে উজ্জলের কোন সাড়াশব্দ না পেয়ে তার ফুপু ঘরের জানালা খুলে দেখতে পান উজ্জল রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে আছে। খবর দিলে পুলিশ এসে উজ্জ্বলের মরদেহ উদ্ধার করে।
উজ্জলের ফুপু জানান, কোন গুলির শব্দ শুনতে পাননি। রক্তাক্ত মরদেহ দেখেই পুলিশকে খবর দেন তারা।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার (ওসি)মেহেদী হাসান বলেন, সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার পাশ থেকে উদ্ধার হওয়া পিস্তল জব্দ করা হয়েছে। সে নিজেই নিজেকে গুলি করেছে নাকি অন্য কেউ তাকে হত্যা করে পিস্তল ফেলে গেছে এসব খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে আরো বিস্তারিত জানানো হবে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page