
নিজস্ব প্রতিবেদক :
ঈদের ছুটিতে রাজধানীতে নেমে এসেছে নীরবতা। ঈদ মানেই প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার সময়। আর এই আনন্দের টানেই রাজধানীর মানুষ ছুটে গেছেন নিজ নিজ গ্রামে। ফলে ঈদের ছুটিতে বদলে গেছে রাজধানীর চিরচেনা রূপ, প্রতিদিনের যানজট, কোলাহল আর মানুষের ভিড়ে স্থবির থাকা সড়কগুলোতে এখন বিরাজ করছে অচেনা এক নীরবতা।
ফাঁকা রাস্তাঘাট, কমে যাওয়া যানবাহনের শব্দ এবং মানুষের উপস্থিতির অভাব মিলিয়ে যেন এক অদ্ভুত নিস্তব্ধতায় মোড়ানো রাজধানী।
শনিবার (৭ জুন) ঈদুল আজহার দিন সকালে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে ফাঁকা সড়কে নীরবতায় চিত্র দেখা গেছে।
সরেজমিন কারওয়ান বাজার, ফার্মগেট, শাহবাগ মৎস্য ভবন, পল্টন, মালিবাগ, রামপুরা, বাড্ডা, মহাখালী, জাহাঙ্গীর গেট, বিজয় সরণি, আগারগাঁও ও শ্যামলী এলাকা ঘুরে দেখা গেছে, রাস্তায় যানবাহনের উপস্থিতি ছিল প্রায় শূন্যের কোটায়।
তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ব্যক্তিগত গাড়ি, সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করতে দেখা যায়। গণপরিবহন ছিল খুবই সীমিত আকারে, যা সাধারণ যাত্রীদের চলাচলে কিছুটা অসুবিধার কারণ হয়ে দাঁড়ায়।
যেসব গণপরিবহন চলাচল করেছে, সেগুলোর কন্ট্রাক্টর ঈদ বকশিশের কথা বলে যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া নিচ্ছেন।
আর সড়কে গাড়ি না থাকায় চলাচলে কিছুটা ভোগান্তিতেও পড়তে হচ্ছে নগরে ঈদ কাটানো মানুষদের।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page