
নিজস্ব প্রতিনিধি :
রাজধানীর মাটিকাটা এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযানে অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ ১০ জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৯শে মে) দিবাগত রাত রাত ২টা থেকে বাংলাদেশ সেনাবাহিনীর ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেডের ভাষানটেক সেনা ক্যাম্প থেকে পরিচালিত একটি বিশেষ অভিযানে ১০ জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। এ সময়ে ৩টি স্বয়ংক্রিয় পিস্তল, ১টি রিভলবার ও ২৮ রাউন্ড গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। অভিযানে 'হিটলু বাবু গ্যাং'-এর ১০ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে ভাষানটেক সেনা ক্যাম্প থেকে দীর্ঘদিন ধরে গ্যাংটির কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছিল। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। আনুমানিক ভোর ৫টার দিকে অভিযান চলাকালে গ্যাং সদস্যরা গ্রেপ্তার এড়ানো অসম্ভব বিবেচনা করে টহল দলের ওপর হামলার চেষ্টা করলে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনা দল সতর্কতামূলক ফাঁকা গুলি ছোড়ে। পরবর্তীতে সন্ত্রাসীরা পালাতে ব্যর্থ হয় এবং সেনাবাহিনীর টহলের নিকট গ্রেপ্তার হয়। স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে স্বস্তি প্রকাশ করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী জননিরাপত্তা নিশ্চিতকরণ ও আইনশৃঙ্খলা রক্ষায় অঙ্গীকারবদ্ধ। যে কোনো ধরনের অপরাধমূলক কার্যক্রম এর তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানানো যাচ্ছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page