
রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ১৫তলা থেকে লাফিয়ে পড়ে পলাশ (৩০) নামে এক রোগীর মৃত্যু হয়েছে।
বুধবার ১৯ মার্চ সকালের দিকে এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।
তিনি বলেন, পলাশ নামের ওই যুবক ইনহ্যালেশন বার্ন নিয়ে ৬০১ এর মেইল এইচডিইউতে ভর্তি ছিলেন। ওই রোগীর আগে থেকেই মানসিক সমস্যা ছিল। সকালের দিকে তাকে ওয়ার্ডে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর খোঁজাখুঁজি করে বার্নের পেছনের রাস্তায় তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
‘যেহেতু পেছন দিক থেকে পড়ে মারা গেছে, সেহেতু ১৫তলা ছাড়া আর কোথাও দিয়ে পড়ার সুযোগ নেই,’ বলেও উল্লেখ করেন ডা. শাওন।
মারা যাওয়া পলাশের ছোট ভাই অলক বিশ্বাস জানান, চলতি মাসের ৬ তারিখে গার্মেন্টসের ওয়াশিং প্লান্টে অগ্নিকাণ্ডের ঘটনায় শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হলে তাকে জাতীয় বার্ন ইউনিটে ভর্তি করা হয়। ৯ দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পরে দুই দিন আগে তাকে এইচডিইউতে স্থানান্তর করা হয়। মঙ্গলবার (১৮ মার্চ) রাত আড়াইটার দিকে আমি খোঁজখবর নিয়ে একটু ঘুমাতে যাই। ভোরের দিকে নার্স আমাকে জানান ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে অনেক খোঁজাখুঁজি পর হাসপাতালের পেছন দিকে কম্পাউন্ডের ভেতরে ভাইয়ের মরদেহ পড়ে থাকার খবর পাওয়া যায়।
অলক জানান, আমাদের বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর থানার শিবপুর গ্রামে। বাবার নাম জয়ন্ত কুমার বিশ্বাস।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page