
মাদক বন্ধে তামাক নিয়ন্ত্রণের আহ্বান জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, তরুণ ছেলে মেয়েরা মাদকের প্রতি আকৃষ্ট হচ্ছে। আমাদের বুঝতে হবে তরুণদের মাদকের প্রতি আকৃষ্ট করতে বিশাল সিন্ডিকেট কাজ করছে।
তাই আমাদের সংগ্রাম করতে হবে মাদকের সিন্ডিকেটের বিরুদ্ধে। তামাক নিয়ন্ত্রণ করতে সংগ্রাম করতে হচ্ছে।
রোববার ২ মার্চ বিকেলে ঢাকা আহছানিয়া মিশন প্রধান কার্যালয় মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, কোম্পানিগুলো সচেতনভাবেই আমাদের তরুণদের প্রতিনিয়ত আকৃষ্ট করে যাচ্ছে। মাদকাসক্ত তরুণদের বিশেষকরে মেয়েদের মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসা করানোর ক্ষেত্রে সামাজিকভাবে নানা প্রতিবন্ধকতা দেখা যায়। নারীরা চিকিৎসার মাধ্যমে সুস্থ হলেও সমাজ নারীদের কীভাবে গ্রহণ করছে তা আমাদের দেখার বিষয়। আমরা চাই মাদকাসক্ত তরুণ-তরুণীদের চিকিৎসা কেন্দ্রে আর যেন না আসতে হয়।
ফরিদা আখতার বলেন, মাদকাসক্ত যারা আছেন তারা ক্রিমিনাল নয়, বরং তারা পরিস্থিতির শিকার। ক্রিমিনালের প্রতি যে ধরনের আচরণ করা হয় তা যেন আসক্তদের প্রতি করা না হয় সে বিষয়ে খেয়াল রাখা উচিত।
তিনি আরও বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় আমিষ সরবরাহ করে থাকে, যা পুষ্টির জোগান দেয়। আমাদের নারীরা পুষ্টির দিক থেকে এখনো অনেক পিছিয়ে। তার তাই নারীর অধিকারের কথা বলতে গেলে নারীর পুষ্টির অধিকারের কথা বলতে হবে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page