
সারাদিন সিয়াম সাধনার পর ইফতারে একগ্লাস ঠান্ডা লেবুর শরবতে তৃষ্ণা মেটায় ধর্মপ্রাণ মানুষজন। একইসঙ্গে পরবর্তী অন্যান্য খাবারের সঙ্গে পানি সমৃদ্ধ সবজি শসার জুড়ি নেই। তাই সারাবছর যেমনই চাহিদা থাকুক না কেন রমজান মাসজুড়ে লেবু, শসা ও খিরার চাহিদা ভোক্তা পর্যায়ে বাড়ে কয়েকগুণ।
আর এই সুযোগ কাজে লাগিয়ে ব্যবসায়ীরা এই তিনটি পণ্যের দাম বাড়িয়ে দেন। প্রতিবারের মতো এবারও একই অবস্থা হয়েছে। রোজার ঠিক আগ মুহূর্তেই লেবু, শসা ও খিরার দাম বেড়েছে ৪০-৬০ টাকা পর্যন্ত। তবে বাজারগুলোতে এসব পণ্যের কোনো ঘাটতি নেই।
রোববার ২ মার্চ সকালে রাজধানীর উত্তরার আজমপুর কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, দোকানগুলোতে শোভা পাচ্ছে বিভিন্ন জাত ও আকারের লেবু, শসা ও খিরা। এরমধ্যে কলম্বিয়া জাতের লেবু ছোট-মাঝারি-বড়, কাগজি লেবু ছোট, এলাচি লেবু মাঝারি ও বড় এবং দেশীয় বিভিন্ন জাতের ছোট ও মাঝারি লেবু দেখা গেছে। আর শসা ও ক্ষিরার ক্ষেত্রে দেশি ও হাইব্রিড দুই ধরনের জাতই দেখা গেছে।
বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, লেবুর হালির (৪টি) সর্বনিম্ন দাম শুরু হচ্ছে ৫০-৬০ টাকায় (ছোট আকৃতির লেবু)। এরপর মাঝারি ধরনের লেবু হালিপ্রতি দাম চাওয়া হচ্ছে ৭০-৮০ টাকা। আর বড় আকৃতির লম্বা লেবুর হালির ৯০-১১০ টাকা পর্যন্ত চাওয়া হচ্ছে। এছাড়া গোল আকৃতির বড় লেবুগুলো হালিপ্রতি ১০০-১৩০ টাকা পর্যন্ত দাম হাঁকা হচ্ছে।
আর দেশি শসা আকৃতি ও মানভেদে ৭০-৮০ টাকা, হাইব্রিড শসা ৬০-৮০ টাকা এবং ক্ষিরা ৬০-৭০ টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে।
অথচ গত সপ্তাহেও বড় লেবু সর্বোচ্চ ৪০-৬০ টাকায় ক্রেতারা খুচরা বাজার থেকে কিনতে পেরেছেন। একইসঙ্গে কেজিপ্রতি শসা ও ক্ষিরাও মিলেছে মাত্র ৩০-৬০ টাকায়।
বিক্রেতারা বলছেন, রোজা এবং গরমে লেবুর চাহিদা ব্যাপকভাবে বেড়ে যায়। মূলত, ইফতারে শরবত তৈরির জন্যই মানুষজন বেশি করে লেবু কিনেন। সেজন্য চাহিদা বেশি থাকে। তবে লেবুর ভরা মৌসুম না হওয়ার কারণে এবার চাহিদা অনুযায়ী বাজারে লেবু নেই। আবার পাহাড়ি লেবুগুলো এখনও বাজারে আসেনি। যার কারণে দাম চড়া।
সাদ্দাম হোসেন নামের এক বিক্রেতা বলেন, কারওয়ান বাজারে আজকে লেবুর চাহিদা এতই বেশি ছিল যে দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকেও আমরা পর্যাপ্ত পরিমাণে লেবু নিতে পারিনি। ভোরে অনেকক্ষণ চেষ্টা করে কয়েক জাতের লেবু নিয়েছি। পাইকারি কিনতে যখন দাম বেশি পড়বে তখন খুচরা বাজারেও এর প্রভাব পড়বে এটাই স্বাভাবিক। আমার দোকানে এলাচি লেবু ছোট ৬০ থেকে ৮০ টাকার মধ্যেই বিক্রি হচ্ছে। আর দেশি শসা ৭০ এবং ক্ষিরা ৬০ টাকা কেজি দরে বিক্রি করছি।
আমিনুল ইসলাম নামের আরেক বিক্রেতা বলেন, গত সপ্তাহেই আমরা ২০ থেকে ৩০ এবং সর্বোচ্চ ৪০ টাকা হালি লেবু বিক্রি করেছি। কিন্তু গত শুক্রবার থেকেই বাজারে লেবুর বাড়তি দাম শুরু হয়েছে। একলাফে দাম বেড়েছে ৪০-৬০ টাকা। আর বাকি সব সবজির দাম আগের মতোই আছে। রোজা এবং ঈদ শেষ হওয়ার আগে হয়ত শসা ও ক্ষিরার দাম কমলেও লেবুর দাম কমার সম্ভাবনা নেই।
এমন অবস্থায় বেশ বিপাকেই পড়েছেন ক্রেতারা। তারা বলছেন, সরবরাহ ঠিক রাখতে সরকার পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়নি। আর বাজার মনিটরিংও জোরদার করা হয়নি। যার সুযোগ নিচ্ছেন অসাধু ব্যবসায়ীরা।
মাহমুদুল হাসান নামে এক ক্রেতা বলেন, এক হালি লেবু কিনতে ৮০ টাকা লাগলো। হঠাৎ করেই এমন কি হয়ে গেল যে ৪০ টাকার লেবু ৮০ টাকা হয়ে গেলো। আর শসার দামও আগের চেয়ে বেড়েছে। এসব বিষয়ে সরকারকে নজর দেওয়া উচিত। কারণ, বাজার সিন্ডিকেট ভেঙে একটি সুন্দর ব্যবস্থাপনা তৈরি হবে, এটি এই সরকারের কাছে মানুষের প্রত্যাশা ছিল। লেবু-শসার দাম বাড়াতে অসাধু ব্যবসায়ীদের কৃত্রিম সংকট কাজ করছে কি না সেটি খতিয়ে দেখা দরকার।
আছিয়া খাতুন নামের আরেক ক্রেতা বলেন, রোজার মাসজুড়ে সবাই ইফতারে শরবতের জন্য লেবু এবং সালাদ হিসেবে শসাকেই প্রাধান্য দেয়। কিন্তু দেখা যায়, প্রতি বছরই ঠিক রোজা আগমুহূর্তে এসব পণ্যের দাম বেড়ে যায়। অথচ উচিত ছিল রোজা উপলক্ষ্যে দাম কমানো। তাছাড়া মানুষজন এখন দাম বেশির কারণে যতটুকু না কিনলেই নয় ঠিক ততটুকুই কেনাকাটা করছেন। তবে সরকারের উচিত বাজার মনিটরিং আরও জোরদার করা।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page