
তীব্র শীতে স্থবির হয়ে পড়েছে জয়পুরহাটের জনজীবন। গত তিনদিন থেকে বাতাসের সঙ্গে হাড়কাপানো শীত জেলার সর্বত্র জেঁকে বসেছে। কুয়াশার সঙ্গে দমকা বাতাস বাড়িয়ে দিয়েছে শীতের প্রকোপ। সড়কে সব ধরনের যানবাহন হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করছে।
কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। নিতান্তই প্রয়োজন কিংবা জীবিকার প্রয়োজনে বের হচ্ছেন শ্রমজীবী মানুষ।
গত তিনদিন থেকে দেখা মিলছে না সূর্যের। এতে বস্তিবাসী ও ছিন্নমূল মানুষেরা চরম দুর্ভোগে পড়েছে। বিশেষ করে কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে পড়েছেন চরম বিপাকে। তবু জীবিকার তাগিদে ছুটছেন তারা।
সদর উপজেলার হানাইল গ্রামের শাহনাজ আলী বলেন, সকাল থেকে তীব্র শীতের মধ্যে বাড়ি থেকে বের হওয়া মুশকিল হয়ে গেছে। বৃষ্টির মতো কুয়াশা পড়ছে। কিন্তু আমাদের তো করার কিছু নেই। জীবিকার তাগিদে বের হতেই হবে।
রিকশা চালক দুলু মিয়া বলেন, অনেক বাতাস আর শীত এতে রিকশার যাত্রী পাওয়া যায় না। আমাদের আয় অনেক কমে গেছে।
বদলগাছী আবাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, আজ বুধবার জয়পুরহাটসহ পার্শ্ববর্তী নওগাঁর বদলগাছীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page