
রাজশাহী-৩ পবা-মোহনপুর আসনের সাবেক এমপি আসাদুজ্জামান আসাদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার ৫ ডিসেম্বর রাজশাহী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতে হাজির করা হয় তাকে। এ সময় আসামিপক্ষের আইনজীবী জামিনের আবেদন করলে বিচারক মো. হাদিউজ্জামান তা নামঞ্জুর করেন।
রাজশাহী জেলা পুলিশের আদালত পরিদর্শক মো. আমান উল্লাহ বলেন, ‘‘ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় মোহনপুর থানার একটি মামলায় হাজিরার তারিখ ধার্য ছিল আজ। সেই মামলায় হাজিরার জন্য সাবেক এমপি আসাদুজ্জামান আসাদকে কারাগার থেকে আদালতে নেওয়া হয়। এ সময় তার জামিনের আবেদন করা হলে বিচারক তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।’’ তিনি আরও বলেন, ‘‘এদিন মোহনপুর থানার আরেকটি মামলায় আসাদুজ্জামানকে শ্যেন অ্যারেস্ট দেখানোর আবেদন ছিল। আদালত সেই আবেদন মঞ্জুর করেছেন।’’
রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ৫ আগস্ট সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। ৬ অক্টোবর ঢাকায় র্যাবের হাতে গ্রেপ্তার হন তিনি। সম্প্রতি ঢাকা থেকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আনা হয় তাকে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page