
লক্ষ্মীপুরে বাইসাইকেলের গতিরোধ করে হীরালাল দেবনাথ (৫০) নামের এক স্বর্ণ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাত নয়টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার তেঁতুলগাছতলা এলাকায় এ ঘটনা ঘটে।
হীরালাল একই এলাকার বাসিন্দা ও কাজীর দিঘিরপাড় এলাকার মাতৃ জুয়েলার্সের স্বত্বাধিকারী ছিলেন।
ঘটনার বিষয়ে হীরালালের ছেলে প্রীতম দেবনাথ বলেন, দোকান বন্ধ করে তাঁর বাবা বাইসাইকেলে করে বাড়ি যাচ্ছিলেন। আরেকটি মোটরসাইকেলে করে বাবার সামনেই যাচ্ছিলেন প্রীতম। এর মধ্যে অন্য আরেকটি মোটরসাইকেলের আরোহী তিন অজ্ঞাতপরিচয় ব্যক্তি দ্রুতগতিতে তাঁদের আগে আগে বাড়ির কাছাকাছি রাস্তার পাশে গিয়ে দাঁড়ায়। ঘটনাটিকে গুরুত্ব না দিয়ে নিজেদের বাড়ির রাস্তায় ঢোকেন প্রীতম। ওই সময় পেছনে পড়ে যান তাঁর বাবা। একপর্যায়ে হীরালালের গতিরোধ করে ছুরিকাঘাত করে পালিয়ে যায় অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তি।
পরে হাসপাতালে নেওয়া হলে হীরালালকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ বিষয়ে সদর হাসপাতালের চিকিৎসক কমলাশীষ রায় বলেন, প্রচুর রক্তক্ষরণের কারণে হাসপাতালের আনার আগেই হীরালাল মারা গেছেন। তাঁর শরীরে দুটি অংশে আঘাতের চিহ্ন আছে।
দ্রুত সময়ের মধ্যে হীরালালের হত্যাকারীদের চিহ্নিত করতে প্রশাসনের জোরালো হস্তক্ষেপ কামনা করেছেন জেলার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদার।
হীরালালের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ। তিনি বলেন, পারিবারিক, নাকি ব্যবসায়িক দ্বন্দ্বে এ হত্যাকাণ্ড, সে বিষয়ে তদন্ত চলছে। জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page